আলোচনা সভায় খালিদ মাহমুদ চৌধূরী বক্তব্য রাখছেন । © টিডিসি ফটো
যারা বাংলাদেশের মানুষের কাছে গণধিকৃত। যারা ওয়ান-ইলেভেনের কুশীলব ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। আজ তারা রাতের বেলা গোলটেবিল বৈঠক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী।
বুধবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধূরী । ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ।
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের জোট গঠণের বিষয়কে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, গোলটেবিল থেকে সামনের নির্বাচন থামানোর ষড়যন্ত্র হচ্ছে।
শেখ হাসিনার উন্নয়ন অনেকের গাত্রদহ উল্লেখ করে তিনি বলেন, সামনের নির্বাচন নিয়ে অনেক ধুম্রজাল তৈরি করা হচ্ছে। এই জোট কিসের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, এই জোট বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। তারা নির্বাচনকে থামিয়ে দিতে চায়। তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা সংসদকে প্রশ্নবিদ্ধ করতে চায়। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা চায় বাংলাদেশকে অন্ধকারের মধ্যে ঠেলে দিতে।
তিনি বলেন, ড. কামাল এবং বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের চোখ কান খোলা রেখে এই কঠিন সময় অতিক্রম করতে হবে।
আলোচনা সভায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক সোহেলী সুলতানা সুমী, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরীন রোজী, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।