ফাইল ছবি
দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, আপনারা নিজেদের ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে আনুন। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সন্ত্রাসের কেন্দ্রে পরিণত হবে।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (সিএআরএএসএস) প্রণীত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও শিক্ষা-সহায়ক কর্মকান্ড: সেকাল একাল’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. আনিসুজ্জামান বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধি দরকার। তা না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক চর্চা ফিরে আসবে না। এর জন্য দরকার কার্যকারী ছাত্র প্রতিনিধি। তারা হলগুলোতে সাংস্কতিক চর্চা পুনরায় ফিরিয়ে আনবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখন আর সংস্কৃতি চর্চা হয় না। এর প্রধান কারণ এখানে ছাত্র সংসদ নেই। কেউ এসব বিষয়ে উদ্যেগ নেয় না। আগে হল সংসদ প্রতিনিধিরা সংস্কৃতি চর্চার উদ্যোগ নিতে বাধ্য ছিল।
সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের সময়ে সংস্কৃতি চর্চা শুধু নিছক বিনোদন ছিল না, এটি ছিল আন্দোলন-সংগ্রামের অন্যতম হাতিয়ার। তখন যে মানের সংস্কৃতি চর্চা হত, এখন তা দেখা যায় না। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংস্কৃতি চর্চা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা শুরু করেছি। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যৎ এটি আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলওয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।
প্রসঙ্গত, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সার্বিক পরামর্শে সেন্টারের পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সম্পাদনায় এ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। সিএআরএএসএস থেকে প্রকাশিত এটি প্রথম গ্রন্থ।