ঘরের মাঠে ঝড় তুলল বার্সেলোনা

২৮ আগস্ট ২০২৬, ০৯:৪৮ AM
বার্সেলোনা দল

বার্সেলোনা দল © সংগৃহীত

ক্যাম্প ন্যুতে আক্রমণের ঝড় তুলেও বড় ব্যবধানে জয় পায়নি বার্সেলোনা। একের পর এক আক্রমণে অ্যাথলেটিক বিলবাওয়ের রক্ষণকে চাপে রাখার পাশাপাশি গোলপোস্ট ও ক্রসবারেও একাধিকবার বল মেরেছে কাতালানরা। বিলবাও গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত কিছু সেভও বার্সেলোনাকে আটকে রেখেছিল। শেষ পর্যন্ত রাফিনিয়া ও ফারমিন লোপেজের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

৭০ শতাংশ বলের দখল ছিল বার্সেলোনার। ম্যাচে মোট ২২টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। এর মধ্যে ৮টি শটই দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন স্পেনের বিশ্বকাপের গোল্ডেন গ্লাভজয়ী গোলরক্ষক উনাই সিমন। অন্যদিকে বিলবাওয়ের ৫টি শটের কোনোটিই বার্সেলোনার গোলমুখে রাখতে পারেনি তারা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ৯ মিনিটে পেদ্রির কর্নার থেকে এরিক গার্সিয়ার হেড অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। এরপর লামিনে ইয়ামালের একটি শট চলে যায় বাইরে দিয়ে। কিছুক্ষণ পর আবারও সুযোগ তৈরি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। তবে তাঁর শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন উনাই সিমন।

২৩ মিনিটে গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল বার্সেলোনা। রাফিনিয়ার দুর্দান্ত একটি হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। ২৯ মিনিটে অবশ্য গোল পেয়েই গিয়েছিল স্বাগতিকেরা। অ্যান্থনি গর্ডনের পাস পেয়ে পেদ্রি বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু গোলের আগে অফসাইডে ছিলেন ইয়ামাল। ফলে বাতিল হয়ে যায় বার্সার সেই গোল।

অবশেষে ৩৭ মিনিটে বৈধ গোলের দেখা পায় বার্সেলোনা। পেদ্রির রক্ষণচেরা পাস ধরে বল জালে পাঠান রাফিনিয়া। মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে আরও একটি গোল করে তাঁর গোলসংখ্যা দাঁড়াল তিনে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ইয়ামাল একেবারে ওয়ান-অন-ওয়ানে চলে গেলেও তাঁর কাছ থেকে গোল আদায় করতে দেননি উনাই সিমন। খুব কাছ থেকে নেওয়া ইয়ামালের শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। সুযোগটি নষ্ট হওয়ার পর ইয়ামালের অবিশ্বাসও ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ অব্যাহত রাখে বার্সেলোনা। বিরতির পর ফিরেই ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের একটি শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

৫৩ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেন ইয়ামাল। প্রায় ২০ গজ দূর থেকে তাঁর জোরালো শট সরাসরি ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর বক্সের বাইরে থেকে ফারমিন লোপেজের নেওয়া শটও ঠেকিয়ে দেন উনাই সিমন।

ম্যাচে আক্রমণের ধার আরও বাড়াতে ৬৩ মিনিটে রাফিনিয়াকে তুলে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তাঁর জায়গায় মাঠে নামেন রদ্রিগো হার্নান্দেজ, নতুন ক্লাবের হয়ে যাঁর অভিষেক হয় এই ম্যাচে। একই সময়ে দানি ওলমো নামেন মার্ক বার্নালের বদলি হিসেবে।

বার্সেলোনার আক্রমণের মধ্যেই ৭৫ মিনিটে বিলবাওও গোলের সুযোগ তৈরি করে। তবে তাদের নেওয়া একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ।

বদলি হিসেবে নামা করিম আদেয়েমি বাঁ দিক থেকে বল বাড়িয়ে দেন বক্সে। সেই বল নিয়ন্ত্রণে নিতে পারেননি বিলবাওয়ের এক ডিফেন্ডার। সুযোগ বুঝে বলটি পেয়ে যান লোপেজ। এরপর ফাঁকা জালে বল পাঠিয়ে বার্সেলোনার জয় অনেকটাই নিশ্চিত করে দেন তিনি।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগমুহূর্তেও বার্সেলোনার আক্রমণ থামেনি। করিম আদেয়েমির একটি শট ঠেকিয়ে দেন উনাই সিমন। যোগ করা সময়েও ইয়ামালের শট ফিরিয়ে দেন বিলবাও গোলরক্ষক। ফলে ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সেলোনা।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। এই জয়ে লা লিগায় টানা দুই ম্যাচ জয়ের রেকর্ড হলো বার্সেলোনার। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা। সমান ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

নেপালের হড়কা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, চলছে উদ্ধারভিযান 
  • ২৮ আগস্ট ২০২৬
বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাক…
  • ২৮ আগস্ট ২০২৬
উচ্চ আদালতের সহকারী প্রোগ্রামারের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্…
  • ২৮ আগস্ট ২০২৬
ব্রাজিলের পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গেও খেলবে ভারত
  • ২৮ আগস্ট ২০২৬
১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী …
  • ২৮ আগস্ট ২০২৬
অবৈধ বালু উত্তোলন ও মজুদ করায় শ্যালু মেশিন ও পাইপ জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬