নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে আজ শুক্রবার চট্টগ্রাম হাটহাজারিতে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়
চট্টগ্রামের হাটহাজারীতে মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভরত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মাদরাসাছাত্র এবং একজন পথচারী। চারজনের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজত অনুসারীরা মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা হাটহাজারী থানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে রাস্তায় পুলিশ অবস্থান নিলে হাটহাজারী মাদরাসা থেকে অনুসারীরা অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়ে।
এ ঘটনায় নিহত তিন মাদরাসাছাত্র হলেন- মেরাজুল ইসলাম, রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম। তবে মৃত অপরজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) রুহুল আমিন বলেন, ছাত্ররা হাটহাজারী থানা, ভূমি অফিস, ডাকবাংলোতে হামলা করে। তারা সড়কের সামনে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। অতিরিক্ত পুলিশ আসছে হাটহাজারীতে।
এর আগে শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে মুসল্লি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চট্টগামে হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হেফাজতের নেতাকর্মীরা। পরে বেলা আড়াইটা থেকে মাদ্রাসার সামনে ছাত্ররা অবরোধ করে। এতে হাটহাজারী-নাজিরহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।