© সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার এক বয়স্ক ব্যক্তিকে দিয়ে পা ধুয়ে নিয়েছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে বইছে সমালোচনার ঝড় বইছে।
তবে এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসম্মানহানির চেষ্টা হচ্ছে অভিযোগ করে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাথায় টুপি ও দাড়িওয়ালা ওই বয়স্ক ব্যক্তিকে দিয়ে চেয়ারম্যানের পা ধুয়ে নেয়ার ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা চলছে। অনেকে বলছেন, চেয়ারম্যান তার ক্ষমতার দাপট দেখিয়ে এসব করছেন। কেউ কেউ চেয়ারম্যানের পক্ষেও পোস্ট দিয়েছেন।
চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার বলেন, ‘চরমাদ্রাজে নৌ পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প হয়েছে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার বিষয়ে সেখানে গত ১৪ জুন একটি সভা হয়। সভায় যোগ দিতে বের হলে রিকশায় ওঠার জন্য কাঁচা রাস্তায় হেঁটে আসলে কাদায় ভরে যায়। তখন আমার বাড়ির বিশ্বস্ত কাজের মানুষ মো. ফাজিল আহমেদ আসে’
তিনি বলেন, ‘আমি না করা সত্ত্বেও পানি দিয়ে আমার পা ধুয়ে দেয়। ওই সময় মো. এলিন, মো. হাসান ও মো. মিজান নামে তিনজন বখাটে মোবাইলে ছবি তোলে। তারা সম্মানহানির জন্য ছবিটি ফেসবুকে ছেড়ে দিয়েছে। ওই তিন বখাটেকে তাদের কার্যক্রমের জন্য কয়েকবার সতর্ক করেছি। এজন্য তারা ক্ষিপ্ত হয়ে এসব করেছে।’ তবে পা ধুয়ে দেয়া মো. ফাজিল আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আরেফিন বলেন, ইউপি চেয়ারম্যান মানহানির বিষয়ে জিডি করেছেন। তবে কারও নাম উল্লেখ করেননি বলে জানান তিনি।