রেল লােইনের উপর বসে থাকা ছেলেকে বাঁচাতে গিয়ে মা-ছেলে দুজনেই কাটা পড়েছেন ট্রেনে। সোমবার বেলা দেড়টার দিকে বগুড়ার কাহালু রেলষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম ফেলানী বেওয়া (৫২) এবং তাঁর ছেলে ২৫ বছরের রাজ বাবু। ফেলানী এবং তাঁর ছেলে রেলষ্টেশনের পাশ্ববর্তী সাগাটিয়া মহল্লার বাসিন্দা ছিল।
জানা গেছে ফেলানীর ছেলে রাজ বাবু মাদকাসক্ত ছিলেন। বেলা দেড়টার দিকে তিনি রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্তনগর লালমনি এক্সপ্রেস রেলষ্টেশন অতিক্রম করছিল। হুইসেল বাঁজার পরও রেললাইন থেকে সরছিলেন না তিনি। ট্রেন কাছাকাছি আসায় মা ফেলানী বেওয়া ছেলেকে বাঁচাতে হাত ধরে টানাটানি শুরু করেন। এক পর্যায়ে মা-ছেলে দুজনই ট্রেনে কাটা পড়েন।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাশ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।