আ.লীগের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষে জড়াল তিন পক্ষ

২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ AM
আ.লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

আ.লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও টায়ারে আগুন দেওয়া হয়। সংঘর্ষ ও অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও পুলিশের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

অবরোধের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন চালকেরা। তাঁদের দাবি, অবরোধকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি কিছু গাড়ির চাবিও নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে তাঁরা পালিয়ে যান।

উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আ.লীগের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষে জড়াল …
  • ২৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে যুবদলের কনসার্ট শেষে ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ২৯ নভেম্বর ২০২৬
টিআইবির আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ ঢাকা কলেজ
  • ২৯ নভেম্বর ২০২৬
২২ বছরের ক্রিকেট জীবনের ইতি টেনে মুশফিকের আবেগঘন ফেসবুক পোস…
  • ২৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় যুবদল নেতাকে কোপানোর পর নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়…
  • ২৯ নভেম্বর ২০২৬