ভারতীয় ভিসার ‘স্লট বাণিজ্য’, অনলাইনে উধাও—টাকা দিলেই হাজির

২৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ PM
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র © সংগৃহীত

অনলাইনে স্লট খুলতেই উধাও। ঘণ্টার পর ঘণ্টা লোডিং, নয়তো হঠাৎ সাইনআউট। অথচ দালালকে টাকা দিলেই নিমেষে মিলছে কাঙ্ক্ষিত তারিখ। ভারতীয় ভিসা ঘিরে চট্টগ্রামসহ দেশজুড়ে জেঁকে বসেছে এমনই ভয়ংকর ‘স্লট বাণিজ্য’। জরুরি চিকিৎসায় ভারতে যেতে চাওয়া মুমূর্ষু রোগী ও সাধারণ আবেদনকারীরা এখন জিম্মি এই সিন্ডিকেটের হাতে। স্লট কিনতেই গুনতে হচ্ছে সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা, আর ভিসা নিশ্চিতে চলছে ৭০ হাজার থেকে লাখ টাকার চুক্তি।

জানা গেছে, প্রতিমাসে দুবার, তাও বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) স্লট ছাড়া হয়। অভিযোগ রয়েছে, স্লট উন্মুক্ত হওয়ার ৩০ মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। আইভিএসির ভেতরের একটি অংশের যোগসাজশে দালাল চক্রগুলো সিস্টেম দখলে নেয়। সাধারণ মানুষ যখন ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন, কখনও স্বয়ংক্রিয়ভাবে সাইনআউট হয়ে যায় আবার কখনও লোডিং হতে থাকে ওয়েবসাইট। অন্যদিকে, সার্ভার জটিলতার দোহাই দিয়ে আড়াল করা হয় এই কারসাজি।

শুধু চট্টগ্রাম নয়; ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের আবেদনকারীরাও একই সিন্ডিকেটের ফাঁদে পড়েছেন। আইভিএসির নিয়ম অনুযায়ী স্লট পাওয়ার পর রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে নথিপত্র জমা দেওয়ার কথা থাকলেও কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে দালালমুখী করা হচ্ছে।

স্লট থেকে ভিসা: টাকার অঙ্কে চড়া দর

খোঁজ নিয়ে জানা গেছে, একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাইয়ে দিতে দালাল চক্র আবেদনকারীভেদে সর্বনিম্ন সাড়ে ৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা নিচ্ছে। কোথাও কোথাও জরুরি ভিত্তিতে স্লট এনে দেওয়ার নামে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

তবে স্লট পাওয়া মানেই ভিসা নিশ্চিত নয়। স্লট শুধু কাগজপত্র জমা দেওয়ার সুযোগ তৈরি করে দেয়। ভিসা পাওয়ার জন্য দালালদের সঙ্গে করতে হচ্ছে আলাদা চুক্তি। চট্টগ্রাম অঞ্চলে একেকটি ভিসার জন্য চুক্তিভেদে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এত টাকা খরচ করে কিংবা দীর্ঘ অপেক্ষার পর স্লট পেয়ে আবেদন জমা দিলেও বড় অংশের আবেদনকারীর ভিসা মিলছে না বলে অভিযোগ রয়েছে।

মুমূর্ষু রোগী ও স্বজনদের চরম ভোগান্তি

চট্টগ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবার জরুরি হার্ট সার্জারি প্রয়োজন। দুই সপ্তাহ ধরে প্রতি বৃহস্পতিবার কম্পিউটারের সামনে বসেও ওয়েবসাইটের ওই অপশনে ঢুকতে পারছি না, শুধু ঘুরতেই থাকে। পাশে এক দালালের সঙ্গে যোগাযোগ করলে সে বলে ১০ হাজার টাকা দিলে কালকে স্লট এনে দেবে। বাধ্য হয়ে রোগীকে নিয়ে দালালদের দ্বারে ঘুরছি।’

সব নিয়ম মেনে স্লট পেয়েও ভিসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অসুস্থ রেহানা পারভীন। তিনি বলেন, ‘অনেক কষ্টে স্লট পেয়ে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র আইভিএসিতে জমা দিয়েছিলাম। দশ দিন পর পাসপোর্ট ফেরত পেলে দেখি ভিসা হয়নি। অথচ দালালদের মাধ্যমে ৭০ হাজার থেকে ১ লাখ টাকার চুক্তিতে যারা জমা দিচ্ছে, তাদের ভিসা হয়ে যাচ্ছে।’

গত ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে সরেজমিনে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকার সিডিএ অ্যাভিনিউতে অবস্থিত আইভিএসি কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের বাইরে আবেদনকারীদের জটলা। সকাল থেকেই কাঙ্ক্ষিত তারিখের আশায় অপেক্ষা করছিলেন অনেকে। ভেতরে ও বাইরে থাকা আবেদনকারীদের মধ্যে ইমরান, সাব্বির ও ইমি জানান, পরিবারের গুরুতর অসুস্থ সদস্যের চিকিৎসার জন্য তারা স্লট নিতে এসেছেন। এক মাস ধরে চেষ্টা করেও স্বাভাবিক নিয়মে স্লট না পেয়ে দালালের মাধ্যমে স্লট পাওয়ার আশায় প্রতিদিন কেন্দ্রের চক্কর কাটছেন তারা।

কেন্দ্রে আসা ঢাকা থেকে যাওয়া কয়েকজন ভিসাপ্রার্থীও একই অভিযোগ করেন। তাদের ভাষ্য, রোগী নিয়ে ভারতে যাওয়ার জন্য আবেদন করলেও অনলাইনে স্লট মিলছে না। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে দালালের শরণাপন্ন হতে হচ্ছে; তবু অনেকের ভিসা হচ্ছে না।

হাইকমিশনে মেলেনি সাড়া

স্লট বাণিজ্য ও ভিসা জটিলতার বিষয়ে বক্তব্য জানতে গত ১৫ নভেম্বর নগরের খুলশীর জাকির হোসেন রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে যান এই প্রতিবেদক। তবে ফটক থেকে জানানো হয়, পূর্বানুমতি ছাড়া সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমারের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই। পরে দপ্তরের নির্ধারিত টেলিফোন নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ সাড়া দেননি। ই-মেইলে যোগাযোগের পরও গত পাঁচ দিনে সাক্ষাতের কোনো সময় পাওয়া যায়নি।

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে মানুষের অসন্তোষের কারণে অনেকে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। তবে স্লট ও ভিসা জটিলতায় তাদের ভোগান্তিতে পড়ছেন অনেকে। এ সুযোগ নিয়ে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। ভিসা ও স্লট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভিসা প্রক্রিয়া সহজ করারও দাবি জানান তিনি।’

‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬
ড. সায়েমকে ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা…
  • ২৫ নভেম্বর ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা মায়ের চার সন্তান প্রসব
  • ২৫ নভেম্বর ২০২৬
ককটেল তৈরির সময় বিস্ফোরণ, কৃষক লীগ নেতা নিহত
  • ২৫ নভেম্বর ২০২৬
কন্যা সন্তানের মা জেনিফার জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুক…
  • ২৫ নভেম্বর ২০২৬