মালিবাগ ফ্লাইওভার © সংগৃহীত
রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মৌচাক মোড়সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহজাহানপুর থানার এসআই এস এম রাশেদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পূর্ব পাশে একটি বিমের ওপর হাত-পা বাঁকানো অবস্থায় পড়ে থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারের সময় ওই নারীর পরনে সবুজ রঙের একটি জামা ও প্যান্ট ছিল। পোশাকগুলো শরীরের সঙ্গে লেগে ছিল। মরদেহটি অর্ধগলিত ছিল এবং শরীর ফুলে গিয়েছিল। তাতে পচন ধরেছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন এবং ফ্লাইওভারের বিমের ওপর ঘুমাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।