প্রতীকী ছবি © সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে এরশাদ হোসেন (৪৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করে তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব থেকে খাজুর যাওয়ার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ হোসেন মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
জানা যায়, বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সাথে সাথেই তারা মহাদেবপুর থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তবে স্থানীয়রা জানান শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই শেষ স্থানগুলো দিয়ে রক্ত বের হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, নিহত এরশাদ গতকাল বিকেলে জিগাতলা বাজারের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর রাতে আর বাসায় ফিরেননি। তারা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশ পড়ে থাকার তথ্যটি তারা জানতে পারেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে। পরে মরদেহটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান তিনি।