রাজধানী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ PM
রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর।

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর। © সংগৃহীত

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়। লিফটের চারপাশের ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তাঁরা সতর্ক ছিলেন। এ কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। হামলার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।

মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। তাঁরা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ সময় পুলিশকে জানানো হলেও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারীর দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। ভবনের অন্য স্থাপনার তুলনায় তাঁদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি হামলার পেছনে কারণ হতে পারে বলে মনে করছেন তিনি।

হামলার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি …
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আ…
  • ১৮ নভেম্বর ২০২৬
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর
  • ১৮ নভেম্বর ২০২৬
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসের গেটে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?
  • ১৮ নভেম্বর ২০২৬
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ১৮ নভেম্বর ২০২৬