ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ PM
হামলায় আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন

হামলায় আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন © সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিযানে সহযোগিতাকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বাধীন অভিযানের দলের সাতজন আহত হয়েছেন। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু করা হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে ভোর ৪টা ২০ মিনিটের দিকে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করেন। এ সময় তাঁদের হাতে রামদা ও লাঠিসোঁটা ছিল বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে হামলাকারীরা মৎস্য বিভাগের দলটির ওপর হামলা চালান। এ সময় জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। হামলায় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য, নৌকার মাঝি ও চালকসহ সাতজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, নৌকার মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।’

জেলা মৎস্য কর্মকর্তা আরও অভিযোগ করেন, হামলাকারীরা নৌকার চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকি দেন। এমনকি মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তারা পরবর্তী সময়ে মৎস্য বিভাগের অভিযানে সহযোগিতা না করেন।

ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সুগন্ধা নদীসহ বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সহযোগীদের ওপর হামলার ঘটনায় নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধ ও মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য…
  • ২৭ অক্টোবর ২০২৬
জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৭ অক্টোবর ২০২৬
কেউ ১ বছর, কেউ ৩ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন জ…
  • ২৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগ, বেতন ৯ম পে-…
  • ২৭ অক্টোবর ২০২৬
৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন্সের সঙ্গে প…
  • ২৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উ…
  • ২৭ অক্টোবর ২০২৬