পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্যা মামলা

২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ PM
প্রথম স্ত্রী ও মেয়ের সঙ্গে নিহত আলম ফকির

প্রথম স্ত্রী ও মেয়ের সঙ্গে নিহত আলম ফকির © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে খাল থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি আলম ফকির (৪৭), যিনি নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে রিপা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। মরদেহের সঙ্গে প্রায় ১৭টি ইটভর্তি বস্তা বাঁধা ছিল বলে জানিয়েছে নৌ-পুলিশ।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের বাংলাবাজার জামে মসজিদসংলগ্ন আলোকি খাল থেকে অজ্ঞাতপরিচয়ে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানান, উদ্ধার হওয়া মরদেহ আলম গাজী ওরফে আলম ফকিরের। গত বুধবার তিনি নিখোঁজ হয়েছিলেন। শনিবার রাতে তারা একটি মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন। পরে রবিবার সকালে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশের সংগ্রহ করা আলামতের মধ্যে থাকা লুঙ্গি ও টি-শার্ট দেখে মরদেহ আলম ফকিরের বলে শনাক্ত করেন তারা।

নিহতের মেয়ে ও মামলার বাদী রিপা বেগম বলেন, ‘বাবা বিভিন্ন এলাকায় ওরস অনুষ্ঠানে ভাণ্ডারি গান পরিবেশন করতেন। তিনি তিনটি বিয়ে করেছিলেন। আমার মা পিয়ারা বেগম প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রীও আমাদের সঙ্গে বসবাস করতেন। তবে বাবা তার তৃতীয় স্ত্রী ফারজানার সঙ্গে আলোকি খালসংলগ্ন দাশপাড়া এলাকায় থাকতেন। সেখান থেকেই গত বুধবার তিনি নিখোঁজ হন।’

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান সরদার জানান, উদ্ধার হওয়া মরদেহের পোশাক ও শারীরিক গঠনের বিবরণ মিলিয়ে পরিবারের সদস্যরা আলম ফকিরকে শনাক্ত করেছেন। মরদেহ উদ্ধারের পর নৌ-পুলিশের কর্মকর্তা সরওয়ার আলম সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মরদেহ পানিতে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে শরীরের সঙ্গে প্রায় ১৭টি ইটভর্তি একটি প্লাস্টিকের বস্তা বেঁধে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহের দাফনের ব্যবস্থা করে। হত্যা মামলার তদন্ত করবে বাউফল থানা পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ-মনিরা শারমিন
  • ২৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬