কষ্টিপাথরের মূর্তি উদ্ধার © সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গভীর রাতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
অভিযানের সময় মূর্তিটি মালিকবিহীন অবস্থায় পড়ে ছিল। পরে সেটি জব্দ করে বিজিবি। উদ্ধার করা মূর্তিটির ওজন ২৪ কেজি ৪৫০ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, মূর্তিটির জব্দমূল্য প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের কারবার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।