ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

০২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ AM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর নেন। পরে তিনি নগরীতে একাই ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার ছেলে রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

স্থানীয় সূত্র ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর আগে আমেনা খানম ওই এলাকার একটি বাসার দ্বিতীয় তলা ভাড়া নেন। তিনি সেখানে একাই থাকতেন। মাঝে মধ্যে তার ছেলে ও বোনের ছেলে তাকে দেখতে আসতেন। ঘটনার দুই দিন আগেও স্বজনরা তার সঙ্গে দেখা করেছিলেন বলে বাড়ির মালিক জানান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আমেনা খানমের বোনের ছেলে তাকে দেখতে এসে ঘরটি তালাবদ্ধ দেখতে পান। পরে রাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি বাড়ির মালিককে জানান। এরপর আমেনার ছেলে রিফাতকে খবর দেওয়া হয়। তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পরে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তালা খুলে ভেতরে প্রবেশ করে খাটের ওপর আমেনা খানমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নিহতের ছেলের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে তালা খুলে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬