আল আমিন © সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে আল আমিন (৪০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আল আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। তিনি সারের ব্যবসা করতেন। ভৈরব বাজারে তার রিভারভিউ নামের একটি আবাসিক হোটেল আছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি দুবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
আরও পড়ুন: নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন আল আমিন। এ সময় তার ওপর অতর্কিতভাকে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।