১০ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ৪৮৪ হামলা, নিহত ৪

২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ PM
বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ। © টিডিসি সম্পাদিত

দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ৪৮৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশের চার সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

সর্বশেষ রবিবার (২২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় হামলার শিকার হন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন। তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। ওই এলাকায় মাদক কারবারিদের কোনো চক্র এ হামলার সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।

এর আগে গত ৮ অক্টোবর রাতে খুলনার রূপসায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের চাপাতির কোপে নিহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। এ ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সারা দেশে পুলিশের ওপর ৬০২টি হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার বেশির ভাগই ছিল ঢাকা রেঞ্জে। চলতি বছরের প্রথম ১০ মাসেও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৪টিতে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে সন্ত্রাসীদের হামলায় পুলিশের চার সদস্য নিহত হয়েছেন। এ সময়ে গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

পুলিশের দাবি, শক্তি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টার্গেট করা হচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, “যে দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে যত দুর্বল করা যায়, সে দেশকে ততটা অস্থিতিশীল করা সম্ভব হবে। যে কারণে এই দুষ্কৃতিকারীরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করার জন্য। পুলিশের ওপর যত আক্রমণ হয়েছে, তারা কিন্তু ছাড় পায়নি। আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় নিয়ে এসেছি।”

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, “পুলিশকে দিয়ে আমরা একেবারেই অপরাধ প্রতিকারে এবং প্রতিরোধে সর্বতো ভূমিকা আমরা দেখাতে পারব না, যদি না জনগণ তাদেরকে সাহায্য করে। এবং রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার যে সংস্কৃতি আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটা থেকে পুলিশকে কিভাবে ফিরিয়ে আনা যায়, সেই দৃষ্টিপাত আমাদের রাখতে হবে বলে আমি মনে করি।”

‘ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না’
  • ২৪ নভেম্বর ২০২৬
১০ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ৪৮৪ হামলা, নিহত ৪
  • ২৪ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের পদচারণা নেই, সুনসান গোবিপ্রবির ক্যাম্পাস
  • ২৪ নভেম্বর ২০২৬
গল্প শেষে বের হতেই লুটিয়ে পড়েন, প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্ট…
  • ২৪ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রল…
  • ২৪ নভেম্বর ২০২৬
মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার…
  • ২৪ নভেম্বর ২০২৬