খাল কাটা নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া © সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহতও হয়েছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক আজিজুল হাকিম মীর দাবি করেন, খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী দেড় কিলোমিটার দীর্ঘ গোলডুবা-খামা সংযোগ খাল খননের কাজ স্বেচ্ছাশ্রমে শুরু হয়। তখন সংসদ সদস্যের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এসে কাজে বাধা দেন।
“এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এর ফলে কর্মসূচি বাধাগ্রস্ত হয় এবং আমাদের কয়েকজন আহত হয়েছেন।”
খাল খনন কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে খাল খনন একটি জনকল্যাণমূলক উদ্যোগ। এটি বাস্তবায়নের সময় বিএনপি নামধারী কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।
তবে এগারসিন্দুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খুর্শীদ উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল আলম বলেন, এই খাল সরকারিভাবে খননের জন্য তারা স্থানীয় সংসদ সদস্য জালাল উদ্দিনের কাছে আবেদন দিয়েছিলেন।
তারা বলেন, এখানে অনেকে নিজেদের জমি বাঁচানোর জন্য খাল কাটার ভান করছে। ছবি তুলে প্রচারের চেষ্টা করছে। তবে তারা ঘটনাস্থলে গেলেও হামলা করেননি। বরং প্রতিপক্ষের হামলায় সংসদ সদস্যের কয়েকজন অনুসারী আহত হয়েছেন।
খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস এবং পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এক পক্ষ খাল পরিষ্কার করতে এলে অন্য পক্ষ বাধা দেওয়া থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যায়। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত কর্মসূচি চলমান থাকতে পারে।
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, আমার কোনো লোকজন এখানে নেই। এই খাল খনন না, বোধ হয় পরিষ্কার করা হচ্ছে। এ বিষয়টি প্রশাসনও জানে না, আমিও জানি না। আমার কোনো লোকজন সেখানে নেই।