সাতক্ষীরায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

০৯ মার্চ ২০২৬, ১১:৪১ AM
আহত ব্যবসায়ী মো. মোকলেছুর রহমানকে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহত ব্যবসায়ী মো. মোকলেছুর রহমানকে হাসপাতালে নেওয়া হচ্ছে © টিডিসি

সাতক্ষীরার কালীগঞ্জে দিনে-দুপুরে ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর (মোবাইল ব্যাংকিং এজেন্ট) গতিরোধ করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোকলেছুর রহমান (৩৫) উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মোকলেছুর রহমান মোটরসাইকেলযোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা একদল সশস্ত্র ছিনতাইকারী তার পথরোধ করে। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে, এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময়ে মোকলেছুর রহমান অচেতন হয়ে পড়লে ছিনতাইকারীরা ১০ লাখ টাকা নিয়ে দ্রুত চম্পট দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ‘ঘটনাটি শোনার পর পরই পুলিশের টিম কাজ শুরু করেছে। অপরাধীদের শনাক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

এদিকে ব্যস্ততম এলাকায় এমন ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংসদ এলাকায় ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায়…
  • ৩০ আগস্ট ২০২৬
শুরু হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ, উপজেলার ৫ মাঠের তথ্…
  • ৩০ আগস্ট ২০২৬
চাটমোহরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়…
  • ৩০ আগস্ট ২০২৬
আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পাওয়ার অভিযোগ, ভোগান্…
  • ৩০ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন, চ্যালেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
রাজধানীতে লিফটের ফাঁকা জায়গায় পড়ে শিক্ষকের মৃত্যু
  • ৩০ আগস্ট ২০২৬