চাঁদা ‘না দেওয়ায়’ কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুটের অভিযোগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ PM
গার্মেন্টস ভাঙচুর

গার্মেন্টস ভাঙচুর © সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে চাঁদা ‘না দেওয়ায়’ একটি কারখানা ভাঙচুর ও ট্রাক এনে পণ্য লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। নোয়াগাঁও ও এর আশপাশের এলাকায় বেশ কিছু মাঝারি ও ক্ষুদ্র উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তার একটি বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ। জিআই তার উৎপাদনকারী এই কারখানাটির মালিক নোয়াগাঁও’র শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন ওরফে অপু (৪৩)। তাঁর কারখানার জিআই তার সুইজারল্যান্ড, জার্মানিসহ ১২টি দেশে রপ্তানি হয়। ২০২০ সালে সাড়ে ১০ শতাংশ জমি কিনে এ কারখানা গড়ে তোলেন মনোয়ার হোসেন। কারখানাটিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্থায়ন রয়েছে। সম্প্রতি কারখানাটিতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

এ নিয়ে কারখানাটির ব্যবস্থাপক অলিউল্লাহ গণমাধ্যমকে বলেন, গত ১৭ ফেব্রুয়ারি কারখানাটিতে কর্মীদের মারধর, ভাঙচুর এবং ট্রাক এনে মালামাল লুট করা হয়েছে। হামলার পর দুই দিন উৎপাদন বন্ধ ছিল। পরে শিল্প পুলিশের পাহারায় সীমিত পরিসরে উৎপাদন শুরু হয়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক ব্যবসায়ী বলছেন, সব সময় তাদের কম-বেশি চাঁদা দিতে হয়; কিন্তু এভাবে হামলা ও মালামাল লুট তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, বিএনপির রূপগঞ্জ উপজেলার সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের পরিচয় ব্যবহার করে স্থানীয় বিএনপির একদল লোক বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজের মালিক মনোয়ার হোসেনের কাছে এককালীন ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি মাসে ১ লাখ টাকা করে দেওয়ার দাবিও আছে তাঁদের। চাঁদা না দেওয়ায় ভাঙচুরের ঘটনা ঘটানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েকজন শ্রমিক ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, হামলাকারীরা কারখানার ব্যবস্থাপক অলিউল্লাহ খানকে মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে কর্মচারী জুলহাস উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয়। পরে তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তৃপক্ষের দাবি,  হামলাকারীরা কারখানার সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরাও ভেঙে ফেলে, আসবাব ভাঙচুর করে এবং ট্রাক এনে মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল লুট করে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে কারখানার মালিক মনোয়ার গণমাধ্যমে অভিযোগ করেন, ঘটনাটি নিয়ে মামলা করতে গেলে রূপগঞ্জ থানা পুলিশ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমানের নাম বাদ না দিলে মামলা নিতে অপারগতা জানান। ঘটনার পরদিন সেভাবেই মাহফুজুর রহমানের নাম বাদ দিয়ে মামলা করেন তিনি। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এমনকি মামলা করার সময় হুকুমের আসামি হিসেবে এজাহারে তিনি মাহফুজুর রহমানের নাম উল্লেখ করতে চেয়েছিলেন। কিন্তু থানার ওসি মাহফুজুরের নাম বাদ না দিলে মামলা নেবেন না বলে জানান। তিনি বাধ্য হয়ে মাহফুজুরের নাম বাদ দিয়ে মামলা করেছেন বলেও জানান কারখানার মালিক মনোয়ার।

মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকনকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমানের ছোট ভাই কাজল আকন, ভাইয়ের ছেলে নিশাত আকন, মাহফুজুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির কর্মী মো. সজল হোসেন, সাদিকুল, মো. ফাহিম, আজিজ মৌলভি ও বোরহানউদ্দিনের নাম রয়েছে। আসামিদের বেশির ভাগই জিন্দা গ্রামের বাসিন্দা। এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা নগদ অর্থসহ ১ কোটি ৬৬ লাখ টাকার পণ্য নিয়ে গেছে।

ঘটনার সূত্রপাত নিয়ে বাদী মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকন ও নিশাত আকন সভাপতি মাহফুজুর রহমানের নাম ব্যবহার করে দফায় দফায় চাঁদা দাবি করেছেন। অন্তত চার দফায় বিষয়টি মাহফুজুর রহমানকে জানিয়েছেন তিনি। কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো চাঁদা দাবি করা লোকদের সঙ্গে মীমাংসার প্রস্তাব দিয়ে আসছিলেন উপজেলা বিএনপির সভাপতি।

তবে রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন এ অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, তিনি কারও নাম বাদ দিতে বলেননি। তিনি বলেছেন মামলায় সত্য ঘটনা দিতে।

উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, কারখানা মালিকের সঙ্গে আমার পরিচয় নেই। তাঁকে কোনো দিন দেখিনি। ফলে চাঁদা চাওয়ার বিষয়টি আমাকে চার দফায় জানানোর দাবি পুরোপুরি মিথ্যা। জানালে আমি ব্যবস্থা নিতাম। ঘটনার দিন থানা থেকে ফোন পেয়ে আমি বরং খোঁজ নেওয়ার জন্য তিনজনকে পাঠাই। পরে শুনি এ তিনজনের নামে মামলা হয়েছে।

অভিযোগ নিয়ে রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি। তাঁরা চেষ্টা করছেন এবং অন্য সংস্থায় মামলাটি দেওয়ার কথা চিন্তা করছেন। 

ঘটনাটি নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ গণমাধ্যমকে বলেন, যে ধরনের ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, তা যদি সত্য হয়, তবে সেটা ফৌজদারি অপরাধ। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তারা যত বড় নেতাই হোক, দল তখন তাদের অপরাধী হিসেবেই দেখবে। দলীয় পরিচয়ের কারণে কেউ কোনো প্রকার ছাড় পাবে না।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081