খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ PM
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত ইব্রাহিম হোসেনের লাশ

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত ইব্রাহিম হোসেনের লাশ © সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে প্রতিবেশী বিরোধের জেরে ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাই রুহুল আমিন (৩৪) গুরুতর আহত হন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই স্থানীয় বাসিন্দা ছলেমান শেখের ছেলে।

আটকরা হলেন আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার বাবা জামাল উদ্দিন (৬২) ও মা শাহানারা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের বাবা। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা, তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 

নিহতের স্ত্রী মেঘলা খাতুনের অভিযোগ, বাড়ির পাশের একটি মুরগির খামার থেকে দুর্গন্ধ ছড়ানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিম ও তার বড় ভাই রুহুলকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফারজানা রহমান জানান, হাসপাতালে আনার আগেই ইব্রাহিমের মৃত্যু হয়েছিল।

কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে। আটকরা হলেন আরিফুল ইসলাম, তার স্ত্রী সাথী আক্তার, তার বাবা জামাল উদ্দিন ও মা শাহানারা খাতুন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬