বিয়ের খবরে ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা, সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

৩০ মে ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৩:১১ PM
ছুরিকাঘাত

ছুরিকাঘাত © প্রতীকী ছবি

বিয়ের খবর শুনে ক্ষিপ্ত হয়ে সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা। গুরুতর আহত অবস্থায় তরুণীকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বর্তমানে তিনিও পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। ভুক্তভোগী তরুণীও একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তবে সম্পর্কটি কয়েক বছর আগে ভেঙে যায়।

সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে বিষয়টি জানতে পেরে সঞ্জীবন ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর অংশ হিসেবে তরুণী তার ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন। বিকেলে তিনি তার বৌদির সঙ্গে শহরের একটি বিউটি পারলারে যান। সেখানেই আগে থেকে ওঁত পেতে থাকা সঞ্জীবন মেয়েটিকে ডেকে নিয়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: টিকটকে পরিচয়, বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে তরুণীকে হত্যা

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর শরীরে ১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে ৯টি গভীর। তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, ছুরিকাঘাতের পর সঞ্জীবন পালিয়ে গিয়ে সুনামগঞ্জ শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায় নিজের শরীরেও ছুরি চালান। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তরুণীর পরিবারের অভিযোগ, সঞ্জীবন দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং বিভিন্ন সময় হুমকিও দিচ্ছিলেন। এমনকি বিষয়টি তার পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিবুর রহমান বলেন, ঘটনার পরপরই সঞ্জীবনকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬