সায়দাবাদ রেলগেট সংলগ্ন করাতিটোলা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে রোববার (৭ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তর নামের দায়িত্বরত এক আনসার-ভিডিপি সদস্য আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, সায়দাবাদ শের এ বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় নির্বাচনী ভোট কেন্দ্রের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। এতে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত আনসার-ভিডিপির এক সদস্যকে ঢামেকে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে ২৯৯ আসনে। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে ইসি।