দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত
স্বীকৃত ৪ বোলারকে দিয়েও কাজ হচ্ছিল না। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ওপর তেমন চাপও তৈরি করতে পারছিলেন না তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুমিনুল হকের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বল হাতে নিয়েই প্রথম ওভারে সাফল্য এনে দেন বাঁ-হাতি এই স্পিনার।
অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া বলটি টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। হামজা সেটি ডিফেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। তাতেই ভাঙে ২০২ রানের জুটি। ৮৩ রান করে সাজঘরে ফেরেন হামজা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২১৭ রান। ১১৬ রানে অপরাজিত আকারম্যানের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
এর আগে, কোনোভাবেই উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। একদিকে উইকেটের জন্য হাহাকার, অন্যদিকে অবলীলায় রান তুলে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এর মধ্যেই ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন মার্কেস আকারম্যান।
আকারম্যানের পর ফিফটির দেখা পেয়েছিলেন জুবায়ের হামজাও। চা-বিরতির পর দ্বিতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে শেষ পর্যন্ত মুমিনুলের স্পিনেই থামে তার ইনিংস।