হৃদয়-লিটনের মহাকাব্যিক জুটিতে জোহানেসবার্গে ইতিহাস বাংলাদেশের

১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

শুরুটা ছিল একদমই দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই উইকেট হারানো, আবার দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। একটা সময় ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে গভীর বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখল টাইগাররা। একপ্রান্তে তাওহীদ হৃদয়ের অবিচল ব্যাটিং, অন্যপ্রান্তে লিটন দাসের নান্দনিক সেঞ্চুরি—দুজনের ঐতিহাসিক জুটিতে বদলে গেল ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪০০ রানের বিশাল সংগ্রহ গড়ে থেমেছে বাংলাদেশ।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট দলীয় সংগ্রহ এটি। এশিয়ার বাইরে টেস্টে বাংলাদেশের চতুর্থ চার শ’ ছোঁয়া ইনিংসও এটি। অবশ্য ওয়ান্ডারার্সের পরিসংখ্যানও বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর এখন পর্যন্ত কোনো দল টেস্ট হারেনি। এমন সংগ্রহের পর ১২টি ম্যাচে এসেছে জয়, আর ৭টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরুতেই কাগিসো রাবাদার আঘাতে ভেঙে পড়ে টপ-অর্ডার। অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। এরপর কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুমিনুল হকও। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনিংস থামে ১২ রানে। মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ।

সেই বিপর্যয় সামাল দিতে এগিয়ে আসেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ধীরে ধীরে হাত খুলতে থাকেন দু’জন। তানজিদ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। অন্যপ্রান্তে দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন হৃদয়। দুজনের ৯৯ রানের জুটিতে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির ২২ বছরের পুরোনো রেকর্ড। ২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের গড়া ৮৪ রানের জুটিই এত  ছিল এই রেকর্ডের মালিক।

তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় সেশনের শুরুতে এক ওভারেই জোড়া আঘাত হানেন রাবাদা। তার বাউন্সারে ব্যাটের স্পর্শ লেগে বল স্টাম্পে আঘাত করলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ। পরের বলেই তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। দুই উইকেট নিয়ে নিজের শিকারসংখ্যা পাঁচে পৌঁছে দেন রাবাদা। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম পাঁচ উইকেটের কীর্তি।

এরপরই শুরু হয় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আসল গল্প। একপ্রান্তে দেয়াল হয়ে দাঁড়ান হৃদয়, অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেন লিটন। চাপ সামলে ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করতে থাকেন দু’জনই। প্রথমে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়, পরে তার সঙ্গে তাল মিলিয়ে রান বাড়াতে থাকেন লিটন।

এরপর একে একে ভাঙতে থাকে রেকর্ড। তানজিদ ও হৃদয়ের ৯৯ রানের জুটিকে ছাড়িয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও নিজেদের করে নেন হৃদয় ও লিটন। এর আগে ২০২৪ সালে মিরপুরে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের গড়া ১৩৮ রানের জুটিই ছিল এই তালিকার শীর্ষে। জোহানেসবার্গে সেই রেকর্ড ছাড়িয়ে শেষ পর্যন্ত ২০৬ রান যোগ করেন হৃদয়-লিটন।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন হৃদয়। একের পর এক বাধা পেরিয়ে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এরপরও থামেননি। ব্যাট হাতে রাজত্ব করে দলকে এগিয়ে নিচ্ছিলেন আরও বড় সংগ্রহের দিকে। কিন্তু দিনের শেষ বলেই মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩৭ রানের অসাধারণ ইনিংসে ইতি ঘটে তার। একইসঙ্গে ভেঙে যায় লিটনের সঙ্গে গড়া ২০৬ রানের মহাকাব্যিক জুটি। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। অন্যপ্রান্তে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন।

দ্বিতীয় দিনের শুরুতেই নিজের সেঞ্চুরির অপেক্ষা ঘুচিয়ে দেন লিটন। মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরির চেয়েও বেশি আলোচনায় আসে তার উদ্‌যাপন। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পর পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

তবে লিটনের সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ডেল প্যাটারসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ১৬ বলে ১০ রান করে ফেরেন তিনি। এরপর একে একে গুটিয়ে যেতে থাকে বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং লাইনআপ। নবম উইকেট হিসেবে হাসান মাহমুদ ৩৯২ রানে বিদায় নেন।

শেষদিকে তাসকিন আহমেদের ব্যাটে আসে ঝোড়ো চমক। মাত্র ১৬ বলে ১৭ রান করেন তিনি। চার মেরে বাংলাদেশকে পৌঁছে দেন ৪০০ রানের মাইলফলকে। যদিও পরের বলেই আউট হন তাসকিন। শেষ পর্যন্ত ৪০০ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসো রাবাদা। তিনি শিকার করেছেন ৫ উইকেট। ডেল প্যাটারসনের ঝুলিতে গেছে ৪ উইকেট।

পিছিয়ে গেল ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভা, নতুন তারিখ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের মহাকাব্যিক জুটিতে জোহানেসবার্গে ইতিহাস বাংলাদেশ…
  • ১৬ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে থাকছে ৫০টি ফ্রি বাস, ১২টি ই-কার ও শাটলের …
  • ১৬ নভেম্বর ২০২৬
‎জবিতে আওয়ামী লীগ সন্দেহে ১ শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও ৪ কর্মকর…
  • ১৬ নভেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের ১৫০০ কম্পিউটার দেবেন প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর ২০২৬
মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০টি টিয়া পাখি উদ্ধার, গ…
  • ১৬ নভেম্বর ২০২৬