বাংলাদেশ দল © সংগৃহীত
তাওহীদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরির পর লিটন দাসও ম্যাজিক্যাল এক ইনিংসই উপহার দিয়েছেন। তাদের মহাকাব্যিক শতকে ভর করেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করা লাল-সবুজেরা বাকি ৪ উইকেটে আরও ৭৩ রান যোগ করেছে।
দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ১২০ রানের চমৎকার ইনিংস খেলেছেন লিটন। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। মিরাজের ব্যাট থেকে ১০ রান, তাসকিন ১৭ এবং হাসান মাহমুদ ১৬ রান করেছেন। শেষ পর্যন্ত এই তিন ব্যাটারের অবদানে চার শ’ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক অর্জন। সিরিজের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে এশিয়ার কোনো দলই ৪০০ রানের মাইলফলক ছুঁতে পারেনি। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলও এই কীর্তি গড়তে পারেনি। এবার সেই ইতিহাস নিজেদের করে নিল বাংলাদেশ।
এর আগে, ২০২০-২১ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল শ্রীলঙ্কা। এতদিন সেটিই ছিল এশীয় দলগুলোর মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।
এদিকে গত ১৭ বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করা প্রথম দলও বাংলাদেশ। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া। দীর্ঘ অপেক্ষার পর সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটিয়ে প্রোটিয়াদের মাটিতে নিজেদের সামর্থ্যের জানান দিল বাংলাদেশ।