যুব এশিয়া কাপ
বাংলাদেশ দল © সংগৃহীত
চূড়ান্ত হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের সূচি। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতের আল আমিরাতে পাশাপাশি দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। এ ছাড়া টুর্নামেন্টের ফাইনাল ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারলেও পরের দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ এবং মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফরিদ হাসানের দল।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের ব্যাটার আহসান মুমিন। সর্বশেষ দুই ম্যাচে ৮২ ও ১৫২ রান করেছেন তিনি। নিজের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদানের কথা জানিয়ে আহসান বলেন, ‘আমার ক্রিকেটে আসার পেছনে সবচেয়ে বড় অবদান বাবার। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আমি ভালো ক্রিকেটার হব। বাসার পেছনে নেট আছে, সেখানে বাবা নিজেই আমাকে বল থ্রো করেন। সব সময় পাশে থেকেছেন। তার কারণেই আজ এতদূর আসতে পেরেছি।’
পছন্দের ক্রিকেটার হিসেবে শহীদ আফ্রিদির নাম উল্লেখ করেন আহসান। পাশাপাশি তাওহীদ হৃদয়ের ৩৫০ ও ২৪২ রানের ইনিংসের হাইলাইট দেখে অনুপ্রাণিত হওয়ার কথাও জানান তিনি।
আহসানের ভাষ্যমতে, ‘শহীদ আফ্রিদিকে ভালো লাগে। এ ছাড়া তাওহীদ হৃদয়ের ৩৫০, আর ২৪২ রানের ইনিংসের হাইলাইট দেখে অবাক হয়েছি যে এত বড় ইনিংসও খেলা যায়। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’