বাংলাদেশের অস্বস্তি থামাল বৃষ্টি © টিডিসি ফটো
দিনের শুরুটা বাংলাদেশের জন্য বেশ অস্বস্তির ছিল। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নাঈম হাসানের দৃঢ়তায় কিছুটা স্বস্তি ফিরেছিল শিবিরে। ঠিক এমন সময়ই বৃষ্টি এসে থামিয়ে দিল খেলা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ দশমিক ৩ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১৫৯ রানে। ৪৯ রানে অপরাজিত রয়েছেন নাঈম হাসান। টেস্ট ক্রিকেটে প্রথম ফিফটির অপেক্ষায় থাকা নাঈমের প্রয়োজন আর মাত্র এক রান। তার সঙ্গে ক্রিজে আছেন শরিফুল ইসলাম।
দিনের শুরুতেই বাংলাদেশ শিবিরে ধাক্কা দেন কেভিন সিনক্লেয়ার ও ওয়ারিক্যানরা। ওয়ারিক্যানের করা ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকের আলী। ফ্লাইট ও টার্নে পরাস্ত হয়ে ২২ রানেই থামতে হয় এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।
এরপর স্পিনারদের ঘূর্ণিতে আরও বিপাকে পড়ে বাংলাদেশ। ওয়ারিক্যানের আর্ম বলে এবার বিদায় নেন হাসান মাহমুদ। নিচু হয়ে আসা বলটি ব্যাকফুটে গিয়ে সামলাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঘটাতে ব্যর্থ হওয়ায় বল আঘাত হানে তার সামনের প্যাডে। নাঈমের সঙ্গে ২৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে হাসানের অবদান ৮ রান।
হাসানের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলামও। রোস্টন চেজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে এসেছে ৮ রান।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের শেষ ভরসা হয়ে ক্রিজে নাঈম। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার ব্যাটে ভর করেই দেড়শ ছাড়ানো লিড পেয়েছে বাংলাদেশ। ৪৯ রানে অপরাজিত থাকা নাঈমের সামনে এখন অপেক্ষা ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির। তবে সেই অপেক্ষা আপাতত বৃষ্টির কারণে থেমে থাকা খেলার ওপর নির্ভর করছে।
সব মিলিয়ে দিনের শুরুতে তৈরি হওয়া অস্বস্তি পুরোপুরি কাটেনি বাংলাদেশের। তবে নাঈমের ব্যাটিং আর বৃষ্টির বিরতি দলকে আপাতত কিছুটা স্বস্তি দিয়েছে।