বাংলাদেশ দল © সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার-রেটের শাস্তি পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় টাইগারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের কোটা শেষ করতে পারেনি বাংলাদেশ। লক্ষ্যমাত্রার চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই জরিমানা আরোপ করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে পরবর্তী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে তাওহীদ হৃদয়ের দল। আগামী ২১ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোই এখন টাইগারদের মূল লক্ষ্য। এই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের।