ফাইনালের সমীকরণ

সেই জিম্বাবুয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ

১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ PM
আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ

আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ © টিডিসি ছবি

একসময় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামলেই বাংলাদেশের জয়ের প্রত্যাশা করতেন সমর্থকেরা। সময়ের পালাবদলে বদলেছে সেই চিত্র। সবশেষ সিরিজে জিম্বাবুয়ের কাছে হারের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৯৯ রানের সেই পরাজয়ে ফাইনালের পথ কঠিন হয়ে উঠেছে শান্তদের। এখন নিজেদের ম্যাচে জয়ের পাশাপাশি ফাইনালের সমীকরণ মেলাতে বাংলাদেশের তাকিয়ে থাকতে হচ্ছে সেই জিম্বাবুয়ের দিকেই।

শনিবার আবুধাবিতে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় তাওহীদ হৃদয়দের ইনিংস। ৯৯ রানের বড় হারে বাংলাদেশের নেট রান রেট নেমে এসেছে -১.৯৮০-এ। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়েছে দলটি।

তিন দলের এই প্রতিযোগিতায় ফাইনালের আগে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। তাই প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে ভুল করার সুযোগ খুবই কম। নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে শান্তদের। তবে সেই জয়ই ফাইনাল নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে কি না, তা অনেকটাই নির্ভর করছে সোমবারের জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ফলের ওপর।

বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির পরিস্থিতি তৈরি হবে যদি জিম্বাবুয়ে আফগানিস্তানকে হারায়। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে ফাইনালে জায়গা করে নেবে। আর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণের লড়াইয়ে থাকবে বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ২১ অক্টোবর শারজায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি তখন কার্যত অলিখিত সেমিফাইনালে রূপ নেবে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে ওই ম্যাচে জিততেই হবে।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে বাংলাদেশের হিসাব আরও জটিল হয়ে উঠবে। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের কারণে এই জায়গায়ও চাপে রয়েছে বাংলাদেশ। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে শুধু জয় নয়, জয়ের ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। সোমবার আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচের ফলেই ফাইনালের সমীকরণ আরও পরিষ্কার হবে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।

বাংলাদেশের সামনে এখন অপেক্ষা আর হিসাব-নিকাশের পালা। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ম্যাচে জিততে হবে, পাশাপাশি ফাইনালের পথ সহজ করতে জিম্বাবুয়ের জয়ও কামনা করতে হবে। একসময় যে জিম্বাবুয়েকে হারানোর প্রত্যাশায় মাঠে নামত বাংলাদেশ, এবার সেই দলটির ফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা …
  • ১৯ অক্টোবর ২০২৬
দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগে যাকে দূষলেন হাসনাত আব্দ…
  • ১৯ অক্টোবর ২০২৬
যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অম…
  • ১৯ অক্টোবর ২০২৬