দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন হাসান মাহমুদ

১০ জুন ২০২৬, ১১:১৬ AM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণে নিয়মিত মুখ হাসান মাহমুদ এবার নতুন এক মঞ্চে পা রাখলেন। চোট থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামার পর এবার তিনি যুক্ত হলেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাব কেন্ট-এ। এর মাধ্যমে তিনি হলেন বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার, যিনি কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেলেন।

কেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় হাসান মাহমুদের যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে সেখানে নিজের অনুভূতিও প্রকাশ করেন এই ডানহাতি পেসার। তিনি বলেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যও গর্বের একটি মুহূর্ত।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি ম্যাচে কেন্টের হয়ে খেলবেন হাসান। আগামী ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে তার কাউন্টি অভিষেক হতে পারে। এরপর ১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরিতে পরবর্তী ম্যাচ খেলবে কেন্ট। এই দুই ম্যাচ শেষে সাময়িকভাবে দেশে ফিরবেন তিনি। পরে সেপ্টেম্বর মাসে আবার ইংল্যান্ডে ফিরে মৌসুমের শেষ চারটি ম্যাচে অংশ নেবেন।

নিজের লক্ষ্য নিয়ে হাসান বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে ও দলের সাফল্যে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলে আমি কী অবদান রাখতে পারি এবং আমার কাছে কী আশা করা হচ্ছে, সে সম্পর্কে আমি অ্যাডাম হোলিওক এবং সাইমন কুকের সঙ্গে কথা বলেছি। এই কাউন্টির হয়ে মাঠে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এর আগে বাংলাদেশের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন কেবল সাকিব আল হাসান। তিনি উস্টারশায়ার ও সারের হয়ে দুই দফায় খেলেছিলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি কাউন্টি দল চারজন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করতে পারে, তবে একাদশে খেলাতে পারে সর্বোচ্চ দুইজন।

হাসানকে দলে নেওয়ার পর কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের দলে হাসানকে স্বাগত জানানোর সুযোগ এসেছে, যা মৌসুমের শেষভাগে আমাদের বোলিং আক্রমণে আন্তর্জাতিক মানের পেস যোগ করবে। হাসান আসায় আমাদের স্কোয়াডের তৈরি হওয়া শক্তিশালী ভিত্তি আরও জোরালো হলো।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬