‘শেখা নয়, লক্ষ্য ট্রফি’—অস্ট্রেলিয়া সফর নিয়ে সোহান

০৬ আগস্ট ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৮:৩৩ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © সংগৃহীত

ইতিহাস বলছে, সাধারণত অস্ট্রেলিয়ার মাটিতে খুব বেশি খেলার সুযোগ মেলে না বাংলাদেশের। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর দেশটির মাটিতে আর কোনো ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের। সবমিলিয়ে অজিদের মাটিতে ৮টি ম্যাচ খেলেছে টাইগাররা। এছাড়া ১৭ বছর আগে শেষবার অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজও হয়েছিল।

অবশ্য জাতীয় দল না হলেও টানা দ্বিতীয় বছর অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা। গেল বছর টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল।

এবার ওই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন ‘এ’ দল। দুই ধাপে কাল ও পরশু ঢাকা ছাড়ার কথা টাইগারদের। এর আগে, আজ (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। সেখানে স্বাভাবিকভাবেই তার কাছে প্রশ্ন এসেছিল—যেহেতু অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ মেলে না, এটা নিশ্চয়ই শেখার বড় একটা মঞ্চ? কিন্তু সোহান বোধহয় একটু ভিন্ন মেজাজেই ছিলেন।

উইকেটকিপার এই ব্যাটার সোজাসাপটা জানিয়ে দিলেন, ‘শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব—এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের দলের প্রতিটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট—সবার লক্ষ্যই ট্রফি জেতা।’

সোহান আরও বললেন, 'দেখেন, অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তানি দল আছে, নেপাল জাতীয় দল আছে। সবগুলো ভালো দল এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে আমাদের জন্য এটা ভালো কিছু করার সুযোগ। একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি। যতটুকু দেখেছি, খুব ভালো ভালো দল আছে। অবশ্যই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এবং অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।'

এদিকে এই সফরে একটি চার দিনের ম্যাচও খেলবে টাইগাররা। কেননা, আগামী বছর অজিদের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। আগামী ২৮ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়াবে চার দিনের সেই ম্যাচটি। যে কারণে টেস্ট দলের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের স্কোয়াডে রাখা হয়েছে।

এ নিয়ে সোহান বললেন, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি–টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে। চার দিনের দল তো এখনো যায়নি। (টেস্ট দলের) যারাই খেলবেন, এটা তাদের জন্য বড় সুযোগ।’

মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬
আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্য…
  • ১২ আগস্ট ২০২৬