বিসিবি সভাপতি হওয়ার গুঞ্জন, প্রস্তাবে ‘সম্মত’ আমিনুল

২৯ মে ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৬:০৪ PM
আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যেকোনো দায়িত্ব নেওয়ার জন্যই প্রস্তুত রয়েছেন আমিনুল ইসলাম। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

তবে তাকে নির্দিষ্ট করে কোন দায়িত্ব অর্থাৎ সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য এখনও আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। মূলত দেশের ক্রিকেটে তাকে কাজে লাগাতে চায় সরকার, এমন কিছুই তাকে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে বুধবার (২৮ মে) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টার বাসভবনে তার সঙ্গে দেখা করেছেন বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ। আলোচনায় ফারুককে বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের বার্তা দেন আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে তাকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। মুঠোফোনে সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফারুক, তবে আলোচনার বিষয়ে কিছুই জানাননি তিনি।

তবে ক্রীড়া উপদেষ্টার এমন পরোক্ষ হস্তক্ষেপে একটি বিষয় মোটামুটি স্পষ্ট। যেকোনো প্রক্রিয়ায় অন্তর্বর্তী সময়ের জন্য আমিনুলই দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন।

এ নিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে আমিনুল বলেন, ‘আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনও বলা হয়নি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির সঙ্গে গতকালের সভায়ও আমি ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে চাচ্ছেন। আমিও তাতে রাজি হয়েছি।’

এদিকে মাঝে গুঞ্জন ওঠেছিল, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন আমিনুল। যদিও বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছেন সাবেক এই অধিনায়ক। এ নিয়ে তার ভাষ্য, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। প্রধান নির্বাহী হওয়ার ব্যাপারে কোনো রকম আলোচনাই হয়নি, টাকা পয়সা নিয়ে আলোচনা তো দূরের কথা।’

জানা গেছে, আমিনুলের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেট ব্যক্তিত্বের জন্য বোর্ড সভাপতির পদটাই খোলা আছে। সরকারের পক্ষ থেকে এনএসসির প্রতিনিধি হিসেবে প্রথমে তাকে পরিচালক করা হবে, এরপর নিয়ম অনুযায়ী, পরিচালকদের ভোটেই সভাপতি নির্বাচিত হবেন তিনি।

তবে এখানেও বেশ কিছু শর্ত রয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচনের মধ্যে দিয়েই তার দায়িত্ব শেষ হবে। আর আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না তিনি।

এসব শর্ত জেনে-বুঝেই প্রস্তাবে সায় দিয়েছেন আমিনুল। তিনি এ-ও বলেছেন, যে দায়িত্বই নেন না কেন, হয়তো খুব বেশি দিনের জন্য নিতে পারবেন না তিনি।

বর্তমানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল। এছাড়া আইসিসির হাইপারফরম্যান্স এবং ট্রেনিং এডুকেশনের প্রধানের দায়িত্বেও আছেন তিনি। আগামী মাসেই ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আইসিসির সঙ্গে তার চুক্তি শেষ হবে। তবে আমিনুল জানান, এই পদে এক বছরের জন্য চুক্তি বাড়ানোর আলোচনা চূড়ান্ত। এমনটা হলে কীভাবে বিসিবির দায়িত্ব নেবেন!

এ ব্যাপারে আমিনুল বলেন, ‘আইসিসিকে আমি জানিয়েছি, বিসিবি আমাকে একটা সময়ের জন্য চাচ্ছে। তারা খুশি মনে তাতে রাজি হয়েছে এবং বলেছে, আমার জন্য আইসিসির দরজা খোলা থাকবে। বিসিবিতে দায়িত্ব পালন শেষ করে আমি আবার চাইলে আইসিসিতে যোগ দিতে পারব। সে জন্য হয়তো একটা পদও তারা খালি রাখবে।’

আমিনুল যোগ করেন, ‘আমার বিসিবিতে লম্বা সময় ধরে থাকার ইচ্ছা নেই। আমাকে হয়তো আবেগ প্রবণ ভাবতে পারেন, তবে একটা দেশের যখন সৈনিক দরকার হয়, ওই সৈনিক কিন্তু তার পারিশ্রমিক বা নিজের স্বার্থ দেখে না। কাজটাই তার কাছে আগে। আমার চিন্তাও সেরকম। বিসিবির যেকোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত। দেখা যাক কি হয়।’

প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী
  • ১৫ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ
  • ১৫ মার্চ ২০২৬
দেশে আরও কমেছে স্বর্ণের দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?
  • ১৫ মার্চ ২০২৬
প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
আজ ফের বসছে সংসদ অধিবেশন, থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্য…
  • ১৫ মার্চ ২০২৬
ভিসা সুবিধা পেতে ডাকাতির নাটক, যুক্তরাষ্ট্রে ১১ ভারতীয় গ্রে…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081