বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে চায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ

২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ AM
বাংলাদেশে আঞ্চলিক নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে চায় মেটা

বাংলাদেশে আঞ্চলিক নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে চায় মেটা © সংগৃহীত

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে চায় ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য দেশে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপন, আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ এবং স্থানীয় ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫-এর আওতায় তিনটি বিষয়ে অনুমোদন চাওয়া হয়েছে।

চিঠিতে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এ আবেদনের উদ্দেশ্য পুরো টেলিযোগাযোগ খাতের জন্য লাইসেন্স থেকে অব্যাহতি পাওয়া নয়। শুধু প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য লিখিত অনুমোদন চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মেটার স্থানীয় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর আলোচনা বাস্তবায়িত হলে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে কনটেন্ট বুস্ট এবং বিজ্ঞাপনের মূল্য পরিশোধের সুযোগ তৈরি হতে পারে।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। দেশে মেটার নিজস্ব অবকাঠামো স্থাপিত হলে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট দেখেন, সেগুলো দেশেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। ফলে অন্য দেশের ইন্টারনেট ট্রাফিক পরিচালনার প্রয়োজনীয়তা কমে আসবে।’ মন্ত্রী আরও বলেন, স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠা এবং মেটার প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি প্রথম ধাপ হতে পারে।

বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাটের হিসাবে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে ফেসবুক ব্যবহারকারীর আনুমানিক সংখ্যা ৭ কোটি ৭১ লাখ। ২০১৯ সালে এ সংখ্যা ছিল প্রায় তিন কোটি।

সামাজিক যোগাযোগ, সংবাদ আদান-প্রদান, বিনোদন, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। তবে বিপুলসংখ্যক ব্যবহারকারী ও বড় বিজ্ঞাপনের বাজার থাকা সত্ত্বেও বাংলাদেশে মেটার পূর্ণাঙ্গ নিজস্ব কার্যালয় নেই। মেটার পক্ষ থেকে স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিজস্ব পপ সরঞ্জাম স্থাপন, মালিকানা গ্রহণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। তবে এ জন্য প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স নিতে চায় না প্রতিষ্ঠানটি।

নিজেদের পছন্দ অনুযায়ী ক্যারিয়ার-নিউট্রাল ডেটা সেন্টার বা তৃতীয় পক্ষের অবকাঠামোতে এসব সরঞ্জাম স্থাপনের পরিকল্পনা রয়েছে মেটার। পাশাপাশি দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পপগুলোর মধ্যে এবং সাবমেরিন কেব্‌লের ল্যান্ডিং স্টেশনের সঙ্গে ডেটা পরিবহনের জন্য প্রয়োজনীয় ট্রান্সমিশন সক্ষমতা ব্যবহারের অনুমতিও চাওয়া হয়েছে।

পয়েন্ট অব প্রেজেন্স বা পপ হলো নেটওয়ার্কের একটি সংযোগকেন্দ্র। এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছাকাছি থেকেই ডিজিটাল কনটেন্ট ও সেবা সরবরাহ করা যায়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মেটার নিজস্ব পপ স্থাপিত হলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কনটেন্ট সরবরাহে বিদেশি নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমতে পারে।

বিটিআরসিকে দেওয়া চিঠিতে বাংলাদেশে স্থাপিত পপের সঙ্গে মেটার আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সরাসরি সংযোগ স্থাপনের অনুমতিও চাওয়া হয়েছে। এ জন্য সাবমেরিন কেব্‌লের ল্যান্ডিং স্টেশন, আন্তসীমান্ত স্থলভিত্তিক নেটওয়ার্ক এবং দেশীয় ও আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ব্যাকহলের মাধ্যমে নিজস্ব অবকাঠামো যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। এসব সংযোগ স্থাপনের জন্য আলাদা ইন্টারকানেকশন লাইসেন্স বা অতিরিক্ত নিয়ন্ত্রক অনুমোদনের প্রয়োজন হবে না—এমন নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), মোবাইল নেটওয়ার্ক অপারেটরসহ (এমএনও) অন্যান্য নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে সরাসরি ডেটা আদান-প্রদানের অনুমতিও চেয়েছে মেটা। এ ক্ষেত্রে ‘সেটেলমেন্ট-ফ্রি পিয়ারিং’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এই ব্যবস্থায় দুটি নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ডেটা আদান-প্রদান করা হয়। এ জন্য এক পক্ষকে অন্য পক্ষকে কোনো মাশুল দিতে হয় না।

পিয়ারিং চুক্তির ক্ষেত্রে কমিশনের নির্ধারিত চুক্তিপত্র, নিবন্ধন, নোটিফিকেশন বা পৃথক অনুমোদনের বাধ্যবাধকতা না রাখার অনুরোধও জানানো হয়েছে। মেটার দাবি, এ ধরনের সংযোগ চালু হলে ডেটা আদান-প্রদানে বিলম্ব বা ল্যাটেন্সি কমবে। নেটওয়ার্কের স্থিতিশীলতা বাড়বে এবং ব্যবহারকারীরা দ্রুত সেবা পাবেন।

চিঠিতে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে এজ নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে উল্লেখযোগ্য মূলধনি বিনিয়োগের প্রয়োজন হবে। স্থানীয় অংশীদারদের মাধ্যমে সরঞ্জাম সংগ্রহ, স্থাপন ও নেটওয়ার্ক উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। তবে বিনিয়োগের পরিকল্পনা এগিয়ে নেওয়ার আগে বিটিআরসির কাছ থেকে সুস্পষ্ট আইনগত নিশ্চয়তা চাওয়া হয়েছে। এ জন্য আনুষ্ঠানিক চিঠি, নির্দেশনা বা আদেশের মাধ্যমে অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মেটার ভাষ্য অনুযায়ী, বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অনুমোদন এবং সন্তোষজনক বাণিজ্যিক, কারিগরি ও পরিচালনাগত ব্যবস্থার ওপর নির্ভর করবে। তবে চিঠিতে বিনিয়োগের পরিমাণ, অবকাঠামো স্থাপনের স্থান কিংবা কার্যক্রম শুরুর সময়সীমা উল্লেখ করা হয়নি।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশ ১১ হাজার ৬৫৩ দশমিক ৬৮ জিবিপিএস আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানি করেছে। টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাবে, দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় এক-চতুর্থাংশ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ব্যবহৃত হয়।

বাংলাদেশে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের উল্লেখযোগ্য পরিমাণ কনটেন্ট বর্তমানে ভারতের ডেটা সেন্টার থেকে সরবরাহ করা হয়। ফলে এসব কনটেন্ট দেখতে আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয়। মেটার নিজস্ব পপ স্থাপিত হলে স্থানীয়ভাবে কনটেন্ট সংরক্ষণ ও সরবরাহের সক্ষমতা বাড়বে। এতে আন্তর্জাতিক ব্যান্ডউইথ আমদানির প্রয়োজন ও ব্যয় কমতে পারে। পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি, ভিডিও ও লাইভ সম্প্রচারসহ বিভিন্ন সেবা ব্যবহারের গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ উদ্যোগে স্থানীয় ডেটা সেন্টার ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির প্রথম আলোকে বলেন, বাংলাদেশে মেটার নিজস্ব পপ স্থাপিত হলে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ওপর নির্ভরতা কমবে। এতে ব্যান্ডউইথ আমদানির খরচের একটি বড় অংশ সাশ্রয় হতে পারে। এখন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয়, দেশের ব্যবসা-বাণিজ্য ও নানা কার্যক্রমও এসব প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। ফলে মেটার এই বিনিয়োগ দেশের ডিজিটাল অবকাঠামো খাতের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

লাইসেন্স ছাড়াই পপ স্থাপনে মেটার প্রস্তাবের বিষয়ে সুমন আহমেদ বলেন, প্রতিষ্ঠানটি যদি শুধু নিজেদের কনটেন্ট ও সেবা সরবরাহের কাজে সীমাবদ্ধ থাকে এবং আইএসপি, ট্রান্সমিশন বা টেলিযোগাযোগ সেবার ব্যবসায় না নামে, তাহলে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে বৈষম্য তৈরির প্রশ্ন আসবে না। বরং মেটার নিজস্ব অবকাঠামো গড়ে তোলার ফলে স্থানীয় ডেটা সেন্টার, ট্রান্সমিশন কোম্পানি ও অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবসার সুযোগ বাড়তে পারে। এতে পুরো খাতের বিকাশ এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ 
  • ২৯ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে থানা ছাড়লেন আলোচিত সেই ওসি
  • ২৯ নভেম্বর ২০২৬
আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মহড়া
  • ২৯ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা ছুড়ে আগুন
  • ২৯ নভেম্বর ২০২৬
শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে চায় ফেসবুক-…
  • ২৯ নভেম্বর ২০২৬