ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) © সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির যান ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ১০০ টাকা মূল্যে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করা হবে। নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট কমানো এবং নিরাপদ নগর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (২ নভেম্বর) নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা নতুন বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম হাতে নিয়েছি।’
তিনি আরও বলেন, ’তবে শুধু ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বুয়েটের কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কেবল যোগ্য বাহনগুলোকেই সনদ দেওয়া হবে। পর্যায়ক্রমে সকল ই-রিকশাকে নিয়মের আওতায় এনে সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।’
একজন সর্বোচ্চ পাঁচটি ফরম নিতে পারবেন
একজন ব্যক্তি নিজের একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ এবং ই-রিকশা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তবে ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।
চার জোনে চলবে ই-রিকশা
ডিএসসিসি এলাকাকে চারটি জোনে ভাগ করে ই-রিকশার চলাচলের রুট নির্ধারণ ও সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জোনভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে ডিএসসিসি প্রত্যশা , নতুন বিধিমালার সঠিক বাস্তবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
নিবন্ধনে যা যা লাগবে
নিবন্ধনের আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে—
১. জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি
৩. ফি জমার মূল রসিদ
৪. নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট