আইনের শাসন সূচকে ২ ধাপ এগিয়েও কেনিয়া-জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

২২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে সামগ্রিক অবস্থানের উন্নতি হলেও কেনিয়া, জিম্বাবুয়েসহ আফ্রিকার কয়েকটি দেশের চেয়েও পিছিয়ে রয়েছে দেশটি। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। সূচকে বাংলাদেশের স্কোর ০ দশমিক ৩৯, যেখানে বৈশ্বিক গড় ০ দশমিক ৫৫।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এ সূচকে সামগ্রিক অবস্থানে পিছিয়ে থাকলেও অগ্রগতির দিক থেকে বিশ্বের ১৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ বছর আইনের শাসন সূচকে অগ্রগতির দিক থেকে শীর্ষে রয়েছে দেশটি।

সূচক অনুযায়ী, আফ্রিকার দেশ কেনিয়া বাংলাদেশের চেয়ে ২৩ ধাপ এগিয়ে ১০০তম স্থানে রয়েছে। লাইবেরিয়া ১০৩তম, সিয়েরা লিওন ১১০তম এবং নাইজেরিয়া ১২০তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের ঠিক এক ধাপ ওপরে রয়েছে জিম্বাবুয়ে, দেশটির অবস্থান ১২২তম। অন্যদিকে ঘানা রয়েছে ৬২তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে শীর্ষে রয়েছে নেপাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

বিশ্বের দেশগুলোর মধ্যে আইনের শাসনে শীর্ষ পাঁচে রয়েছে ইউরোপের দেশগুলো। প্রথম স্থানে ডেনমার্ক, দ্বিতীয় নরওয়ে, তৃতীয় ফিনল্যান্ড, চতুর্থ সুইডেন এবং পঞ্চম স্থানে রয়েছে লুক্সেমবার্গ।

আইনের শাসন মূল্যায়নে আটটি মানদণ্ড ব্যবহার করেছে ডব্লিউজেপি। এগুলো হলো—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।

এসব মানদণ্ডের মধ্যে তিনটিতে বাংলাদেশের উন্নতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। তবে বাকি পাঁচটি মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।

আটটি মানদণ্ডের মধ্যে মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে দুর্বল। এ খাতে ০ দশমিক ৩১ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, তুলনামূলক ভালো অবস্থান মুক্ত সরকার মানদণ্ডে। এ খাতে বাংলাদেশের স্কোর ০ দশমিক ৪২, অবস্থান ১২৮তম।

সামগ্রিকভাবে দুই ধাপ অগ্রগতি এবং বিশ্বের ১৫তম সর্বোচ্চ অগ্রগতি অর্জন সত্ত্বেও বাংলাদেশের স্কোর বৈশ্বিক গড়ের চেয়ে কম। বিশেষ করে মৌলিক অধিকারসহ পাঁচটি মানদণ্ডে অবনতি দেশের আইনের শাসন পরিস্থিতির বিভিন্ন দুর্বলতা তুলে ধরেছে।

এমআইটির স্বপ্ন থেকে চুয়েটের অচলাবস্থা: দায় নেবে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
টেকনাফে ৯৬৫০ টমটমের চার্জে বিদ্যুতের টান, লোডশেডিংয়ে নাকাল …
  • ২২ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ক্যাডেট নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিপিং করপোরেশনে,…
  • ২২ অক্টোবর ২০২৬
খুলনায় মায়ের সামনে তরুণীকে গুলি করে হত্যা
  • ২২ অক্টোবর ২০২৬
প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি স্টেশন ঘিরে স্বপ্ন বুনছ…
  • ২২ অক্টোবর ২০২৬
‘সাংবাদিক-পুলিশ পেটাতে না পারলে ছাত্রদল হয়ে কী হলো’, অডিও ভ…
  • ২২ অক্টোবর ২০২৬