তানজিম ওয়াহাব © সংগৃহীত
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে তানজিম ওয়াহাবকে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২ অনুযায়ী জনাব তানজিম ওয়াহাবকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পুনরায় নিয়োগ প্রদান করা হলো।
উল্লেখ্য জনাব তানজিম ওয়াহাব জার্মানির বার্লিনে স্পোর ফাউন্ডেশনে কিউরেটর হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি বেঙ্গল ফাউন্ডেশনে হেড অব আর্টস প্রোগ্রাম ও ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর ছিলেন। তিনি ওয়ার্ল্ড প্রেস ফটোর জুরি বোর্ডের এশিয়া চেয়ার-সহ অসংখ্য আন্তর্জাতিক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ পদে অংশগ্রহণ করেছেন।
পুনঃনিয়োগের পর বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব তানজিম ওয়াহাব বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয় জাদুঘর তারুণ্য ও শিশু বান্ধব করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
জাদুঘরের আধুনিকায়ন, নতুন কিউরেশন, ডিজিটাল উপস্থাপনা, ইতিহাস পাঠে মিউজিয়াম এক্সপ্লেইনার, সংরক্ষণ কার্যক্রমে বিশেষায়িত প্রশিক্ষণ, বিশেষ চাহিদা সম্পন্ন দর্শণার্থীর সুবিধা সম্প্রসারণ ছাড়াও গবেষণা ও স্কুলের শিক্ষা কার্যক্রমে জাদুঘর পরিদর্শন অন্তর্ভুক্ত করার জন্য কাজ করা হবে। এছাড়াও ভ্রাম্যমাণ নানা আয়োজনে জাদুঘর পৌঁছে যাবে দেশের নানা প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে।
উল্লেখ্য জনাব তানজিম ওয়াহাব নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্মলগ্ন থেকেই মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত ৫ আগস্ট সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।