মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে দুই অধ্যক্ষ © সংগৃহীত
ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে দুজনকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে গভর্নিং বডির মাধ্যমে দায়িত্ব পাওয়া অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদুল হাসানকে অবরুদ্ধ করে এ বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক জানান, গত ১ জুন গভর্নিং বডি শহীদুল হাসানকে এক বছরের জন্য অধ্যক্ষের দায়িত্ব দেয়। এরপর আগস্টে শিক্ষা মন্ত্রণালয় সুফিয়া খাতুনকে অধ্যক্ষের দায়িত্ব দিয়ে প্রেষণে পাঠায়। তবে শহীদুল হাসান দায়িত্ব হস্তান্তর না করায় জটিলতা তৈরি হয়।
এ বিষয়ে শহীদুল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে আমিও বিব্রত। গভর্নিং বডির আবদুস সালামের (ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক) সাথে একাধিকবার কথা বলেছি। শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি তাকে জানিয়েছি।
‘আমি এখান থেকে চলে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি; পেলে চলে যাব।’
অন্যদিকে সুফিয়া খাতুন বলেন, ‘আমি সরকারি নির্দেশে অধ্যক্ষের দায়িত্ব পেয়ে কলেজে আসছি। কিন্তু নানা অজুহাতে আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।’
বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
শিক্ষার্থীরা ‘অবৈধ প্রিন্সিপাল, মানি না মানি না’, ‘আওয়ামী লীগের দালাল, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী রহমতুল্লাহ বলেন, ‘গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী একটি শর্ত ছিল, সরকার কাউকে দায়িত্ব দিলে চুক্তি বাতিল হবে। সেই অনুযায়ী শহীদুল হাসানের চুক্তি বাতিল হয়েছে। কিন্তু তিনি যাচ্ছেন না।’
তিনি বলেন, ‘আমরা বড় সমস্যায় আছি, দুই অধ্যক্ষ একরুমে বসছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর একটা বিহিত করা প্রয়োজন।’
উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার বেলা ১১টার পর দুই অধ্যক্ষ, ছাত্র প্রতিনিধি, শিক্ষক ও একজন অভিভাবক প্রতিনিধি বৈঠকে বসেন। বৈঠকে আগামী রোববার গভর্নিং বডির সভা ডাকার সিদ্ধান্ত হয়। ওই সভায় অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে আলোচনা হবে।