গ্রেপ্তার মো. মাকসুদুল হাসান © সংগৃহীত
চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত ১টার দিকে নগরীর শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।
মামলার এজাহার ও আদালতে দাখিল করা নথি অনুযায়ী, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে যৌতুক দাবি করার অভিযোগ ওঠে। দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় তাকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ওই তরুণী মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, বাদীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
এদিকে, মাকসুদুল হাসানের গ্রেপ্তারের আগে বরগুনার বেতাগীর মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তার কথিত পরকীয়া সম্পর্কের একটি ভিডিও জুলাইয়ের প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত বলে স্থানীয়ভাবে জানা গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচিত হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে এই ভিডিও ভাইরালের ঘটনা এবং যৌতুকের মামলাটি পৃথক বিষয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাত ১টার দিকে শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের নিজ বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।