টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন। © সংগৃহীত
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ। সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতের বালুচরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি ও ভিডিও।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে সাতটি মোটরসাইকেল নিয়ে সৈকতে নেতাকর্মীদের ঘোরাফেরা ও শোডাউনের দৃশ্য দেখা যায়।
ভিডিওতে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখার ছাত্রদল নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের নেতাদের দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ভ্রমণে সেন্টমার্টিন দ্বীপে যান। এ সময় তারা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা ও মহড়া দেন। পরে সৈকতে মোটরসাইকেল চালানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিচ (সৈকত) থেকে এক পাড়া থেকে অন্য একটি পাড়ায় গিয়েছিলাম। এটা আমাদের কোনো বাইক শোডাউন না, এখানে বেশি বাইক না, ৪-৫টা বাইক মাত্র। আর এখানে বাইক চলাচলা নিষেধ ছিল সে বিষয়ে আমি অবগত ছিলাম না। তাছাড়া এখানে অনেকে বাইক নিয়ে ঘুরাঘুরি করতে দেখেছি।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবেশ সংশ্লিষ্ট যারা আছে তাদের অবহিত করেছি এসব বন্ধ করার জন্য। অভিযান কার্যক্রম চলমান থাকবে।’
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিনের সৈকতে যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করে প্রশাসন। একই অভিযানে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।