মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাধারণ মানুষ এতে অংশ নেন © সংগৃহীত
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের দড়াটানা ভৈরব চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড, যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। যশোরের বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাধারণ মানুষ এতে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল লতিফ।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তৌহিদ আহমেদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম মুজাহারুল ইসলাম মন্টু, কমরেড হাচিনুর রহমান এবং যশোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রতি চরম অবমাননা। মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনটি যৌথভাবে পরিচালনা করেন গোলাম রসুল ও অলিয়ার রহমান। মানববন্ধনে আরও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান এবং জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান প্রমুখ।