পুকুরে ডুবে যাওয়া সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের ভিড় © টিডিসি ফটো
সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থী শ্রাবণ বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যান। রবিবার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে ঝিনাইদহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার তিন বন্ধু মিলে শহরতলির পাগলাকানাই এলাকার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। প্রায় আধা ঘণ্টা গোসল করার পর একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুব দিয়ে ওপরে উঠে এলেও শ্রাবণ আর ভেসে ওঠেনি।
এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে বিকেলের দিকে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।