বাড়িতে অবস্থান নেওয়া তরুণী © সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়া গ্রামে প্রেমিক আসিফ মাহমুদের (২১) বাড়ির উঠানে অবস্থান করছেন তিনি। এ সময় প্রেমিককে বিয়ে না করলে আত্মহত্যা করার হুমকিও দেন ওই তরুণী। তবে ঘটনার পর থেকে আসিফের খোঁজ পাওয়া যাচ্ছে না।
ওই তরুণী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। আসিফের সঙ্গে তার খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে যান ওই তরুণী। সেখানে গিয়ে আসিফকে না পেয়ে প্রথমে তার ঘরে প্রবেশ করেন। পরে বাড়ির উঠানে অবস্থান নেন তিনি।
তরুণীর দাবি, খালাতো ভাই-বোন হওয়ায় আসিফের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল তার। সেই সূত্রে নিয়মিত ফেসবুকে কথা বলতেন তারা। একপর্যায়ে প্রায় এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে আসিফ বিভিন্ন সময়ে তার সঙ্গে গোপনে দেখা করতেন। তবে এখন বিয়ের কথা বলায় আসিফ বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
তিনি বলেন, ‘ও বিয়ে না করলে বাঁচব না। এটাই আমার শেষ কথা।’
এ বিষয়ে জানার জন্য আসিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আসিফের বাবা আবু হাশেম গণমাধ্যমকে বলেন, ‘ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে।’
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’