লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা © সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রভাবে সৃষ্ট বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে যশোরে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এ সময় বাজারে আসা ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বড়বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত লিফলেটে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, আলু, চিনি, মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে ২০২৪ ও ২০২৫ সালের বাজারদরের সঙ্গে বর্তমান দরের তুলনা করে কয়েকটি পণ্যের দাম হ্রাস পাওয়া এবং কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকার তথ্য উল্লেখ করা হয়।
এ ছাড়া খাদ্য মূল্যস্ফীতি হ্রাস, সরকারি খাদ্যশস্যের মজুত বৃদ্ধি, কৃষকের কাছ থেকে ধান-চাল সংগ্রহ, খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিতরণসহ সরকারের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয় লিফলেটে।
সংশ্লিষ্টরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।