প্রতীকী ছবি © সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে গণপিটুনিতে শিকার হয়ে শিমুল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপরজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মো. মোস্তফার ছেলে এবং আহত ব্যক্তি একই গ্রামের নবীন শাহর ছেলে মো. শমজান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর বিদ্যালয়ের কাছাকাছি এলাকা থেকে গরু চুরির সন্দেহে ওই দুই যুবককে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিলে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে বাঘা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। মারধরে গুরুতর আহত শমজানকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাঘা থানায় নেওয়া হয় এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া নিহত শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু চুরির অভিযোগের সত্যতা যাচাইসহ পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।