বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

০১ আগস্ট ২০২৬, ০৬:৪৭ PM
বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে

বিদ্যালয়ের সম্পত্তিতে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে © টিডিসি ছবি

পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে কালাইয়া বাণিজ্যিক বন্দরের মার্চেন্টপট্টি এলাকার হাজী মালেক মিয়ার ঘাটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

উপজেলা যুবদলের সভাপতি গাজী গিয়াস উদ্দিনের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি খাসজমি দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। সম্প্রতি সেখানে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। তবে সড়কের জায়গায় তাদের ভবনের দেয়াল তোলা হচ্ছে, এতে সড়কটি সংকীর্ণ হয়ে যাবে। তাতে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যবসায়ীরা গণস্বাক্ষর সংগ্রহ করে দেয়াল অপসারণের দাবি জানিয়েছেন। তাদের আহ্বানেই তিনি ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনই দেয়াল ভেঙেছেন বলে দাবি করেন তিনি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে বলেও জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সরকার ১১ দশমিক ৭০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে গেজেটভুক্ত করে। পরে জমিটি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রিও করা হয়। সড়ক নির্মাণের জন্য আগেই বিদ্যালয়ের জমি থেকে ৪ ফুট জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। সম্প্রতি ভবন নির্মাণের কাজ শুরু হলে কয়েকজন ব্যক্তি এতে বাধা দেন। পরে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে নির্মাণকাজ শুরু করা হয়। এ বিষয়ে সর্বসম্মত একটি প্রস্তাব (রেজুলেশন) রয়েছে। কাজ চলাকালে আজ একদল দুর্বৃত্ত নির্মাণাধীন দেয়াল ভাঙচুর করে।

এ বিষয়ে প্রধান শিক্ষক হারুনূর রশীদ বলেন, বিদ্যালয়ের ওই সম্পত্তি থেকে অর্জিত আয় দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হয়। উপজেলার মধ্যে একমাত্র আমাদের বিদ্যালয়েই শিক্ষার্থীদের মাসিক বেতন দিতে হয় না। হঠাৎ এ ধরনের বাধার কারণে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙচুরের বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে জানানো হয়েছে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ভাংচুরের ঘটনার অভিযুক্তদের নিষেধ করা হয়েছে। বিষয়টি আরও বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) দেখবেন। তবে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬