শ্রীলঙ্কার দুই নাগরিক বঙ্গোপসাগর থেকে উদ্ধার © টিডিসি ফটো
কক্সবাজারের মহেশখালীর জেলেদের সহায়তায় বঙ্গোপসাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই নাগরিক, যারা নিজেদের বাবা-ছেলে বলে পরিচয় দিয়েছেন। তাদের দাবি, মাছ ধরতে গিয়ে পথ হারানোর পর টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন এবং এই সময় কাঁচা মাছ খেয়েই বেঁচে ছিলেন। তবে তাদের এই দাবি এখনও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকারী জেলেদের ভাষ্য অনুযায়ী, গত ২২ জুলাই সাগরের সোনারচর এলাকার কাছে একটি ভাসমান ফাইবার ট্রলারে দুই ব্যক্তিকে দেখতে পান তারা। পরে তাদের নিজেদের মাছ ধরার নৌকায় তুলে মহেশখালীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌঁছান।
উদ্ধার হওয়া দুজন হলেন ৫১ বছর বয়সি এসএইচ চামিন্দা এবং তার ৩০ বছর বয়সি ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং। তাদের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার রুরাল হসপিটাল রোডের ৭ নম্বর বাড়িতে বলে জানা গেছে।
উদ্ধারের সময় থাকা মাঝি জিয়াউর রহমান বলেন, তারা নিজেদের শ্রীলঙ্কার নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন এবং দাবি করেছেন, দীর্ঘদিন আগে মাছ ধরতে গিয়ে সমুদ্রে পথ হারিয়ে ফেলেন। এরপর প্রায় ৩৬ দিন ধরে তারা সাগরে ভেসেছিলেন। ওই সময় একটি বড় মাছ ধরে কাঁচা খেয়ে এবং চরম খাদ্য ও পানির সংকটের মধ্যেও জীবন রক্ষা করেছেন।
উদ্ধারকারীরা জানান, দুই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পরিবারের সদস্যরাও তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজন যে শ্রীলঙ্কার নাগরিক এবং প্রাথমিকভাবে বাবা-ছেলে এ তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে সমুদ্রে ভেসে পড়েছিলেন, সত্যিই ৩৬ দিন সাগরে ছিলেন কি না এবং তাদের পরিচয়সহ অন্যান্য তথ্য যাচাই-বাছাই চলছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।