জোরদার হবে শিক্ষা-গবেষণা সহযোগিতা

বাকৃবি ও চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই

০২ জুলাই ২০২৬, ০৫:০০ PM
বাকৃবির উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠিত হয়

বাকৃবির উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠিত হয় © সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির (সিএইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে সিএইউ হাব ফর কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাকৃবির উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পরে কৃষি অনুষদের ডিন কার্যালয়ের তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রতিনিধিদল যৌথভাবে সিএইউ হাবের উদ্বোধন করেন।

সমঝোতা স্মারকের আওতায় চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাগ্রিকালচার এবং বাকৃবির কৃষি অনুষদ ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে শিক্ষা, গবেষণা ও সক্ষমতা উন্নয়নে যৌথ কার্যক্রম পরিচালিত হবে। এ উদ্যোগের স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাদের এবং কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। 
এছাড়া চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাগ্রিকালচারের অধ্যাপক ড. শিওলি জু, অধ্যাপক ড. চুয়ানহং ঝাং এবং বাকৃবির বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক সম্পর্কে অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক মানের গবেষণা নিবন্ধ প্রকাশ, প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। পাশাপাশি বাকৃবির চারজন শিক্ষার্থী চীনে পিএইচডি করার সুযোগ পাবেন। নবগঠিত সিএইউ হাব এসব কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নের কেন্দ্র হিসেবে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের কৃষিকে আরও রূপান্তরমুখী ও সহনশীল করে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, ‘মানসম্মত গবেষণা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই সমঝোতা স্মারক গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তি হলেও ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।’

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬