কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশালাকৃতির মৃত ‘অলিভ রিডলি’ প্রজাতির মা কচ্ছপ। বুধবার (১৫ এপ্রিল) সকালে সৈকতের কাউয়ারচর এলাকার সূর্যোদয় পয়েন্ট-সংলগ্ন স্থানে জোয়ারের পানির সঙ্গে কচ্ছপটি তীরে উঠে আসে।

এদিকে সৈকতে বড় আকারের কচ্ছপ ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং তারা ঘটনাস্থলে ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ছয়টার দিকে সৈকতে হাঁটার সময় স্বেচ্ছাসেবী আবদুল জলিল প্রথমে কচ্ছপটিকে পড়ে থাকতে দেখেন। কচ্ছপটি মৃত বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন।

স্বেচ্ছাসেবী আবদুল জলিল বলেন, ‘ভোরে হাঁটতে গিয়ে দূর থেকে কচ্ছপটিকে দেখতে পাই। কাছে গিয়ে বুঝতে পারি এটি মৃত। এত বড় একটি কচ্ছপের এভাবে মৃত্যু দেখা সত্যিই হতাশার।’

উপকূলীয় জীববৈচিত্র্য নিয়ে কাজ করা স্থানীয় পরিবেশকর্মী আবুল হোসেন রাজু বলেন, ‘এভাবে বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে আমাদের জীববৈচিত্র্য চরম ঝুঁকির মুখে পড়বে।’

পরিবেশবিদদের মতে, সামুদ্রিক দূষণ, সমুদ্রে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এই প্রাণিগুলোর অকাল মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কচ্ছপটি মৃত অবস্থায় ভেসে আসার খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় সেটিকে উদ্ধার করা হয়েছে। পচন ও দুর্গন্ধ এড়াতে সেটিকে সৈকতের পাশেই মাটি চাপা দেওয়া হয়েছে।

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬