শিলখালী রেঞ্জে বনভূমি দখল ও গাছনিধন, অভিযোগের তির রেঞ্জ কর্মকর্তার দিকে

০৫ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
শিলখালী রেঞ্জে সংরক্ষিত বনভূমির গাছ কেটে ফেলা হয়েছে। (ইনসেটে রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম)

শিলখালী রেঞ্জে সংরক্ষিত বনভূমির গাছ কেটে ফেলা হয়েছে। (ইনসেটে রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম) © সংগৃহীত

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জে সংরক্ষিত বনভূমি দখল, পাহাড় কাটা ও নির্বিচারে গাছনিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বনভূমিতে স্থাপনা নির্মাণ ও জমি দখলে সহযোগিতা করছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা। ফলে সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠছে দালান-কোঠা, উজাড় হচ্ছে মূল্যবান গাছপালা এবং দ্রুত বেদখল হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বনভূমি।

সরেজমিন ঘুরে ও একাধিক স্থানীয় সূত্রে জানা যায়, শিলখালী রেঞ্জের জাহাজপুরা, মাথাভাঙা, কচ্ছপিয়া, মারিছবনিয়া, হাজমপাড়া ও নোয়াখালী পাড়া এলাকায় নির্বিচারে পাহাড় কাটা ও গাছনিধন চলছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গণমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে জুমপাড়া ৪ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের ছেলে মাহমুদ হোসেন, গুলু হোসেনের ছেলে নুরুল আলম, বলি ফরিদের বাড়ির উত্তরে কাদের মুলকের ছেলে ছৈয়দ আলমসহ কয়েকজন ব্যক্তি সংরক্ষিত বনভূমি দখল করে দালান নির্মাণ ও নৌকা তৈরির কাজে ব্যবহারের জন্য গাছ কেটে নিচ্ছেন। 

স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের বিষয়ে রেঞ্জ কর্মকর্তাকে অবগত করা হলেও তিনি রহস্যজনক নীরবতা পালন করছেন।

শিলখালী রেঞ্জে শতবর্ষী গর্জন, সেগুন, করই, গামারী, জারুল, জাম, মেহগনি ও তেলসুরসহ নানা প্রজাতির মূল্যবান বৃক্ষ রয়েছে। কিন্তু কাঠ পাচারচক্র দিন-রাত প্রতিযোগিতামূলকভাবে গাছনিধন চালালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের।

এ বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ 

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিলখালী রেঞ্জে সংরক্ষিত বনভূমি দখল, পাহাড় কাটা ও গাছনিধনের অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে বনভূমি দখল, স্থাপনা নির্মাণ কিংবা গাছ কাটার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রেঞ্জে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
‎১৫ আগস্টে শেখ মুজিবকে নিয়ে পোস্টের জেরে দুই ছাত্রদল নেতার…
  • ১৫ আগস্ট ২০২৬
মাদক ট্যাপেন্টাডলসহ রাবি ছাত্রদল নেতা হাসিব আটক
  • ১৫ আগস্ট ২০২৬